কৈলাসহরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণে বার্মিজ সিগারেট উদ্ধার, গ্রেফতার ২
কৈলাসহর (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার সিগারেটসহ একটি সাদা রঙের বেলেনো গাড়ি আটক করে ক
বার্মিজ সিগারেট সহ গ্রেফতার দুই


কৈলাসহর (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরে পুলিশের তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার সিগারেটসহ একটি সাদা রঙের বেলেনো গাড়ি আটক করে কৈলাসহর থানার পুলিশ। ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক গাড়িটির নম্বর টিআর-০২-এম-০৪০১। কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল শহরের ডিকে রোড সংলগ্ন সাইফন মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ অবৈধ বার্মিজ সিগারেট উদ্ধার হয়।

এই ঘটনায় গাড়ি থেকে আটক দুই যুবকের পরিচয় জানা গেছে। তারা হলেন পেঁচারথল এলাকার বাসিন্দা রাকেশ ভৌমিক এবং তরীফ সরকার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্তরা মাছমারা এলাকা থেকে কুমারঘাট হয়ে কৈলাসহরে সিগারেটগুলি নিয়ে আসছিল।

পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে। অবৈধ চোরাচালানের সঙ্গে যুক্ত বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের এই সফল অভিযানে অবৈধ চোরাচালান রোধে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande