
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.) : রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় প্রীতি ম্যাচেও হার ভারতের অনূর্ধ্ব-১৭ মহিলা দলের। সোচির মাতসেস্তা ফুটবল সেন্টারে মঙ্গলবার ০-৩ ফলে পরাজিত হল ‘ইয়ং টাইগ্রেসেস’। প্রথমার্ধে সোফিয়া স্বিয়াতনায়া (১৮’) এবং বিরতির পর ভ্যালেরিয়া মেনিয়াইলোভা (৪৯’, ৫২’) জোড়া গোল করে ম্যাচ জেতান স্বাগতিকদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রাশিয়া। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও ভারতের গোলরক্ষক মুন্নি প্রথমদিকে দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। ১৩ মিনিটে ভালাইনা ফার্নান্ডেজের শট ছিল ভারতের প্রথম অন টার্গেট প্রচেষ্টা। অলিভিয়া চানু নিংথৌজামেরও একটি ভালো চেষ্টা ছিল, যা রাশিয়ার গোলরক্ষক সামলে দেন। তবে ১৮ মিনিটে ফ্রি-কিক থেকে বল ধরতে গিয়ে ভুল করেন মুন্নি, সেখান থেকেই এগিয়ে যায় রাশিয়া।
দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে আরও দু’টি গোল হজম করে ভারত। বিশেষ করে ব্যাকপাসের গাফিলতিতে মেনিয়াইলোভার প্রথম গোলটি আসে। তৃতীয় গোলটি ছিল সুচারু পাসিং মুভের ফল।
হারের মাঝেও ভালাইনা ও অলিভিয়ার পারফরম্যান্স আশা জাগিয়েছে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হল - শেষ প্রীতি ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নামবে ভারত, এএফসি অনূর্ধ্ব-১৭ মহিলা এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত