
প্যারাগুয়ে, ১৪ এপ্রিল(হি.স.) : ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোকে একটি জাল পাসপোর্ট সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত প্যারাগুয়ের এক মহিলাকে সোমবার তার দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ব্রাজিলের এই তারকাকে পাঁচ মাস আটক থাকতে হয়েছিল।
প্যারাগুয়ের মহিলা ডালিয়া লোপেজ ছয় বছর ধরে পলাতক থাকার পর গত ২ এপ্রিল রাজধানী আসুনসিওন থেকে ধরা হয়। তখন থেকেই তিনি প্যারাগুয়ের পুলিশ হেফাজতে আছেন।
সোমবার, একজন বিচারক এই মহিলাকে পলায়নপ্রবণ হিসেবে ঘোষণা করেন এবং আসুন্সিয়ন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এমবোসকাডা শহরের একটি মহিলা কারাগারে বিচারপূর্ব আটকাদেশ দেন।
ডালিয়া লোপেজের বিরুদ্ধে রোনালদিনহো এবং তার ভাই ও এজেন্ট রবার্তো ডি অ্যাসিস মোরেইরাকে জাল নথি সরবরাহ করার অভিযোগে অপরাধমূলক সংঘবদ্ধতার অভিযোগ আনা হয়েছে। তারা কেন সেগুলো চেয়েছিল তা স্পষ্ট নয়।
উল্লেখ্য, সুবিধা বঞ্চিত শিশুদের সহায়তার্থে একটি দাতব্য অনুষ্ঠানে যোগদানের জন্য লোপেজ ২০২০ সালের মার্চ মাসে রোনালদিনহোর প্যারাগুয়ে সফরের ব্যবস্থা করেছিলেন।
প্যারাগুয়েতে পৌঁছানোর দুই দিন পর, প্রাক্তন ব্রাজিল বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও তার ভাইকে জাল প্যারাগুয়ীয় পাসপোর্ট ও পরিচয়পত্র ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়।
তারা প্রায় এক মাস হেফাজতে ছিলেন।
এখনও পর্যন্ত এই মামলায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি