গণতন্ত্রে ‘সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র’-এর ঝুঁকি, সতর্কবার্তা পোপ লিও-এর
আন্নাবা (আলজেরিয়া), ১৪ এপ্রিল (হি.স.): গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিলেন বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ লিও। তিনি বলেন, নৈতিক ভিত্তি দুর্বল হলে গণতন্ত্র সহজেই “সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রে” পরিণত হতে
গণতন্ত্রে ‘সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্র’-এর ঝুঁকি, সতর্কবার্তা পোপ লিও-এর


আন্নাবা (আলজেরিয়া), ১৪ এপ্রিল (হি.স.): গণতান্ত্রিক ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্কবার্তা দিলেন বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপ লিও। তিনি বলেন, নৈতিক ভিত্তি দুর্বল হলে গণতন্ত্র সহজেই “সংখ্যাগরিষ্ঠের একনায়কতন্ত্রে” পরিণত হতে পারে।

জানা গেছে, পোপ লিও গণতান্ত্রিক সমাজে ক্ষমতার ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, গণতন্ত্র তখনই সুস্থ ও কার্যকর থাকে, যখন তা ন্যায়, নৈতিকতা এবং জনকল্যাণের মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়। অন্যথায় সংখ্যাগরিষ্ঠের আধিপত্য বা অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিধর গোষ্ঠীর নিয়ন্ত্রণে তা বিকৃত হয়ে যেতে পারে।

তিনি স্পষ্টভাবে বলেন, ক্ষমতা কখনও নিজেই উদ্দেশ্য হতে পারে না। বরং তা সমাজের বৃহত্তর স্বার্থে ব্যবহৃত একটি মাধ্যম। কোনও সরকারের গ্রহণযোগ্যতা শুধুমাত্র তার আর্থিক বা প্রযুক্তিগত শক্তির উপর নির্ভর করে না, বরং নির্ভর করে ক্ষমতার প্রয়োগ কতটা বিচক্ষণতা ও নৈতিকতার সঙ্গে করা হচ্ছে তার উপর।

বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই বার্তাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -এর সঙ্গে মতপার্থক্যের প্রেক্ষাপটেও এই মন্তব্য সামনে আসে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও তাঁর বক্তব্যে কোনও দেশ বা নেতার নাম উল্লেখ করা হয়নি, তবুও তা আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যুক্ত করেই দেখা হচ্ছে।

গণতান্ত্রিক নেতাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত কেন্দ্রীকরণ গণতন্ত্রের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। ব্যক্তিপূজার প্রবণতা ও ক্ষমতার অতি-প্রদর্শন থেকেও দূরে থাকার পরামর্শ দেন তিনি।

সব মিলিয়ে, পোপ লিও -এর এই বার্তা বিশ্বজুড়ে রাজনৈতিক নেতৃত্বের জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবেই দেখা হচ্ছে—যেখানে দায়িত্ববোধ, নৈতিকতা এবং ভারসাম্যপূর্ণ শাসনের উপর জোর দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande