
লন্ডন, ১৪ এপ্রিল (হি.স.): ২০২৫ সালের ‘উইজডেনস লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক। আর মহিলাদের বিভাগে এই সম্মান পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।
স্টার্কের জন্য ২০২৫ সাল ছিল অসাধারণ। কারণ ,পুরো বছরে ১১টি টেস্টে তিনি নিয়েছেন ৫৫ উইকেট, গড় মাত্র ১৭.৩২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯ রানে ৬ উইকেট তার কেরিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্স। একই ধারাবাহিকতা তিনি ধরে রেখেছিলেন অ্যাশেজ সিরিজেও, যেখানে প্রথম দুই টেস্টেই ১৮ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন। পুরো সিরিজ শেষে তার ঝুলিতে ছিল ৩১ উইকেট।
অন্যদিকে, ভারতের মহিলা দলের প্রথম বিশ্বকাপ জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন দীপ্তি শর্মা। পুরো টুর্নামেন্টে ২১৫ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন ২২ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
এছাড়া ‘উইজডেন ফাইভ ক্রিকেটার্স অব দ্য ইয়ার’-এ জায়গা পেয়েছেন ভারতের শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশভ পন্ত এবং মোহাম্মদ সিরাজ। গিল ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ ইনিংস খেলে জিতেছেন ‘উইজডেন ট্রফি’। টি-টোয়েন্টিতে ১০০০ রান পূর্ণ করে বিশ্বসেরা হয়েছেন অভিষেক শর্মা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি