
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) বুধবার ২০২৬ সালের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট পাশের হার ৯৩.৭০ শতাংশ, যা গত বছরের তুলনায় সামান্য বেশি।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, মোট ২৪,৮৩,৪৭৯ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিল। তার মধ্যে ২৪,৭১,৭৭৭ জন পরীক্ষায় অংশ নেয় এবং ২৩,১৬,০০৮ জন উত্তীর্ণ হয়েছে। পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত।
অঞ্চলভিত্তিক ফলাফলে তিরুঅনন্তপুরম ও বিজয়ওয়াড়া অঞ্চল যৌথভাবে শীর্ষে রয়েছে ৯৯.৭৯ শতাংশ পাশের হারে। এছাড়া চেন্নাই (৯৯.৫৮%) ও বেঙ্গালুরু (৯৮.৯১%)-ও উল্লেখযোগ্য ফল করেছে। দিল্লি পশ্চিম ও পূর্ব অঞ্চলের পাশের হার যথাক্রমে ৯৭.৪৫ ও ৯৭.৩৩ শতাংশ।
এবারেও ছাত্রীরা ছাত্রদের তুলনায় ভালো ফল করেছে। ছাত্রীর পাশের হার ৯৪.৯৯ শতাংশ, যেখানে ছাত্রদের পাশের হার ৯২.৬৯ শতাংশ। ট্রান্সজেন্ডার শিক্ষার্থীদের পাশের হার ৮৭.৫০ শতাংশ।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে কেন্দ্রীয় বিদ্যালয় (৯৯.৫৭%) শীর্ষে, এরপরেই রয়েছে জওহর নবোদয় বিদ্যালয় (৯৯.৪২%)। সরকারি ও সরকার-পোষিত স্কুলগুলির পাশের হার যথাক্রমে ৯১.৪৩ ও ৯১.০১ শতাংশ।
এ বছর ২,২১,৫৭৪ জন পরীক্ষার্থী ৯০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। তার মধ্যে ৫৫,৩৬৮ জন ৯৫ শতাংশেরও বেশি নম্বর অর্জন করেছে।
এছাড়া ১,৪৭,১৭২ জন শিক্ষার্থী (৫.৯৫%) অনুত্তীর্ণ। তারা পরবর্তী পর্যায়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে বলে জানিয়েছে বোর্ড।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য