
ঝাড়গ্রাম, ১৫ এপ্রিল (হি.স.): সুস্থ হয়ে ফিরতেই ফের পুরনো ছন্দে জঙ্গলমহলে তাণ্ডব শুরু করল হাতি ‘রামলাল’। বুধবার সকালে লোধাশুলি রেঞ্জের লোধাশুলি গ্রামে ঢুকে রাস্তার ধারের কলাগাছ ভেঙে খায় হাতিটি। এরপর সেখান থেকে পেনিয়াভাঙ্গা গ্রামেও খাবারের খোঁজে ঢুকে পড়ে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়েছিল হাতিটি। চিকিৎসার পর মঙ্গলবার দুপুর থেকেই স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে। তবে সেই রাতেই চণ্ডীপুর গ্রামে অমল মাহাতোর কাঁচা বাড়ি ভেঙে তছনছ করার অভিযোগ ওঠে। গ্রামবাসীরা তাড়া করলে হাতিটি আমলাচটি জঙ্গলে ঢুকে যায়।
বুধবার সকালে ফের একাধিক গ্রামে ঘুরে খাবারের সন্ধান করতে দেখা যায় রামলালকে। তাকে দেখতে আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায়।
অন্যদিকে, মঙ্গলবার রাতে ৩৫-৪০টি হাতির একটি দল লালগড় রেঞ্জ থেকে কংসাবতী নদী পেরিয়ে বিভিন্ন গ্রাম অতিক্রম করে কুশবনী জঙ্গলে ঢোকে। এই দলটি গত কয়েকদিন ধরে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি চালিয়েছে বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবিতে বনদফতরের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো