
সোনামুড়া (ত্রিপুরা), ১৫ এপ্রিল (হি.স.) : সোনামুড়া-বিলোনিয়া মূল সড়কের রবীন্দ্রনাথ মগ্গারপার এলাকায় বুধবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইরিক্সার চালক। এই মর্মান্তিক ঘটনায় জনৈকা মহিলা ও তাঁর চার বছরের শিশু পুত্র গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সোনামুড়া-বিলোনিয়া সড়কে টিআর০১সি৪৩১১নম্বরের একটি ম্যাক্স গাড়ির সঙ্গে টিআর০৭এ৩৮৫৬ নম্বরের একটি ইরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই ইরিক্সার চালক প্রদীপ দাসের মৃত্যু হয়। তিনি সোনামুড়া এলাকার ঠাকুরমুড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার সময় ইরিক্সার যাত্রী হিসেবে ছিলেন সোনামুড়া আড়ালিয়া এলাকার বাসিন্দা সেলিনা আক্তার এবং তাঁর চার বছরের শিশু পুত্র মহম্মদ সামি। দুর্ঘটনায় মা ও ছেলে গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন রাস্তায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় দুই যুবক শাকিল ও মনির মানবিকতার পরিচয় দিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা আহত মা ও শিশুকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করলেও আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করা হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ