
কদমতলা (ত্রিপুরা), ১৬ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় ফের রাতের অন্ধকারে বহু মূল্যবান আগর গাছ চুরির ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
জানা গেছে, কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের সরসপুর কলোনীর মহাদেব বাড়ির বাগান থেকে গত ১৪ এপ্রিল গভীর রাতে চোরের দল চারটি আগর গাছ কেটে নিয়ে যায়। চুরি হওয়া গাছগুলির আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। বুধবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে, যার পরেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মূল্যবান সম্পদ হারিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বুধবার রাতে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ জানানোর সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য আব্দুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্যভাবে, এই ঘটনার প্রতিবাদে স্থানীয় মানুষ একত্রিত হয়ে থানায় যান এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। মহাদেব বাড়ি কমিটির সম্পাদক রঞ্জিত নাথ জানান, “এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে পুলিশের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছে।”
কদমতলা থানার পক্ষ থেকে দ্রুত তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এই এলাকায় আরও কয়েকটি আগর বাগান থেকে চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এলাকাবাসীদের দাবি, ধারাবাহিকভাবে ঘটে চলা এই ধরনের অপরাধ রুখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং রাতের নিরাপত্তা জোরদার করতে হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ