
কলকাতা, ১৭ এপ্রিল (হি. স.):-রেল চত্বর পরিষ্কার রাখতে পূর্ব রেলওয়ের উদ্যোগে ব্যাপক সচেতনতামূলক অভিযান চালানো হল। পূর্ব রেলওয়ে-এর তরফে জানানো হয়েছে, ভারতীয় রেলের ১৭৩তম বর্ষপূর্তি উপলক্ষে ১৬ এপ্রিল এই বিশেষ অভিযান পরিচালিত হয়।পূর্ব রেলওয়ের মহাপ্রবন্ধক মিলিন্দ দেওস্করের আহ্বানে সাড়া দিয়ে এই অভিযানে অংশ নেন বিভিন্ন স্তরের আধিকারিকরা। তাঁরা বিভিন্ন স্টেশন ও চলন্ত ট্রেনে যাত্রীদের সঙ্গে কথা বলে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। রেললাইনে আবর্জনা ফেলার ফলে সিগন্যালিং ব্যবস্থায় বিঘ্ন, ট্র্যাকের ক্ষতি এবং ট্রেন চলাচলে সমস্যা তৈরি হতে পারে বলেও সচেতন করা হয়।এই অভিযানে কড়া নজরদারির ফলে একদিনে মোট ১৪৪৭টি ক্ষেত্রে আবর্জনা ফেলার অপরাধ ধরা পড়ে এবং মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। হাওড়া ডিভিশনে ৪৫৭টি, শিয়ালদহে ৬১৫টি, আসানসোলে ২১৭টি এবং মালদায় ১৫৮টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে।স্কাউটস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত এই অভিযানের লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি করা। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়