
তমলুক, ১৭ এপ্রিল (হি. স.):-আসন্ন নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে শুক্রবার থেকে শুরু হল বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের উদ্যোগে বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন বুথ এলাকায় ভোটকর্মীরা নির্দিষ্ট তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে শুরু করেন।বিশেষ করে মহিষাদল এলাকার একাধিক গ্রামে এই প্রক্রিয়া চোখে পড়ে। ভোটকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল, যাতে পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। প্রতিটি বাড়িতে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে ভোট গ্রহণ করা হয় এবং ভোটারদের গোপনীয়তা রক্ষার বিষয়েও বিশেষ নজর দেওয়া হয়।এই উদ্যোগে খুশি প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ভোটাররা। অনেকেই জানান, শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে যাওয়া সম্ভব হয় না, ফলে এই ব্যবস্থা তাদের জন্য অত্যন্ত সহায়ক।নির্বাচন কমিশনের এই উদ্যোগে ভোটদানের হার বাড়বে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই বাড়ি বাড়ি ভোট গ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মত সংশ্লিষ্ট মহলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়