
মালদা, ১৭ এপ্রিল ( হি. স.) : মালদার বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার অনন্তপুর আইটিআই মাঠে বিজেপি প্রার্থী রাজু কর্মকারের সমর্থনে আয়োজিত এই সভায় তিনি অনুপ্রবেশ, দুর্নীতি ও বেকারত্ব ইস্যুতে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন।
এদিনের সভা থেকে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন যে, অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারাই বর্তমানে শাসকদলের প্রধান ভোটব্যাঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ-এর কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যে, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের কঠোরভাবে বহিষ্কার করা হবে। এছাড়া আমিষ-নিরামিষ বিতর্ক নিয়েও তিনি মুখ খোলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন যে, সেখানে মানুষ নির্বিঘ্নেই মাছ-মাংস খাচ্ছেন। মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনায় আর্থিক সহায়তা এবং মাইক্রো ফিন্যান্সের ঋণ পরিশোধে সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।
সভাস্থলে কর্মী-সমর্থকদের ভিড় এবং উন্মাদনা ছিল লক্ষ্য করার মতো। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন যে, মানুষের এই ব্যাপক উৎসাহ দেখে তিনি নিশ্চিত যে বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে এবং রাজ্যে শীঘ্রই ভয়মুক্ত পরিবেশ প্রতিষ্ঠা হবে। সব মিলিয়ে নির্বাচনের মুখে তাঁর এই সফর মালদার রাজনৈতিক সমীকরণকে আরও উত্তপ্ত করে তুলেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়