
কোন্ডাগাঁও, ১৭ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলার ফারাসগাঁও এলাকায় জাতীয় সড়ক-৩০ এ বৈরাগী ধাবার কাছে শুক্রবার পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। আহত আরও তিনজন।
পুলিশ সূত্রে খবর, একটি ট্রাকের সঙ্গে একটি ছোট পণ্যবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভিতরে পাঁচজনেরও বেশি শ্রমিক আটকে পড়েন। তাঁদের উদ্ধার করতে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ সময় ধরে ব্যাপক চেষ্টা চালাতে হয়।
প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়। একই সঙ্গে মৃত শ্রমিকদের দেহও গাড়ি থেকে বের করা হয়।
আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস