
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি. স.) : পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে দেশজুড়ে পেট্রোল, ডিজেল ও এলপিজি-র সরবরাহ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে শুক্রবার জানাল কেন্দ্র সরকার। সাধারণ মানুষকে গুজবে কান না দিতে এবং অযথা মজুত না করার আবেদন করেছে সরকার।আন্তঃমন্ত্রক পর্যায়ের সাংবাদিক বৈঠকে এই তথ্য দেওয়া হয়।
এদিনের সাংবাদিক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশের জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি নেই। প্রতিদিন বিপুল সংখ্যায় এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং সম্প্রতি প্রায় ৫০ লক্ষের বেশি পরিবারে গ্যাস পৌঁছে দেওয়া হয়েছে।সরকারি সূত্রে দাবি, রিফাইনারিগুলি পূর্ণ ক্ষমতায় কাজ করছে এবং পেট্রোল-ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পেট্রোল পাম্পগুলিতেও স্বাভাবিকভাবেই সরবরাহ চলছে।সরবরাহ ব্যবস্থা সচল রাখতে নজরদারিও জোরদার করা হয়েছে। নিয়ম ভাঙার অভিযোগে একাধিক ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (উপসাগরীয়) অসীম মহাজন জানান, পশ্চিম এশিয়ায় থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা তৎপর রয়েছে। বিভিন্ন দূতাবাসে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু রয়েছে।
সরকারের দাবি, দেশের বন্দরগুলিতেও স্বাভাবিক কাজকর্ম চলছে এবং সামুদ্রিক পরিবহণেও কোনও ব্যাঘাত ঘটেনি।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য