নাকা চেকিংয়ে এক কোটি টাকা উদ্ধার, তমলুকে চাঞ্চল্য
তমলুক, ১৭ এপ্রিল: (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি। এই পরিস্থিতির মধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুকে নাকা চেকিংয়ের সময় প্রায় এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার তমলুক থানার নিকাশি বা
এক কোটি উদ্ধার


তমলুক, ১৭ এপ্রিল: (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যজুড়ে চলছে কড়া নজরদারি। এই পরিস্থিতির মধ্যেই পূর্ব মেদিনীপুরের তমলুকে নাকা চেকিংয়ের সময় প্রায় এক কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার তমলুক থানার নিকাশি বাজার এলাকায় সিআইএসএফ -এর তল্লাশি চলাকালীন একটি ব্যক্তিগত গাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়।​গাড়িটি আটক করার পর তাতে থাকা দুই ব্যক্তি নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দেন। তাঁদের দাবি, উদ্ধার হওয়া ওই টাকা 'তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক'-এর। ওই ব্যক্তিরা নিজেদের পরিচয়পত্র দেখাতে সক্ষম হলেও, এত বড় অঙ্কের টাকা নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় বৈধ নথিপত্র বা সঠিক হিসাব সেই মুহূর্তে দেখাতে পারেননি। ফলে সিআইএসএফ আধিকারিকরা তৎক্ষণাৎ ওই টাকা বাজেয়াপ্ত করেন।​ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যান এবং পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ব্যাংক সংক্রান্ত কিছু নথিপত্র প্রশাসনের কাছে পেশ করেন। তবে প্রাথমিক তদন্তে সেই নথিগুলি কর্তৃপক্ষের কাছে পুরোপুরি সন্তোষজনক বলে মনে হয়নি। ফলে আপাতত উদ্ধার হওয়া ওই বিপুল অর্থ প্রশাসনের হেফাজতেই রাখা হয়েছে।​নির্বাচনের প্রাক্কালে ভোটারদের প্রভাবিত করতে বিপুল অর্থের অপব্যবহার রুখতে নির্বাচন কমিশন অত্যন্ত সক্রিয়। এই পরিস্থিতিতে একটি বেসরকারি গাড়ি থেকে এত টাকা উদ্ধারের ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে জেলা রাজনৈতিক মহল। তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে, এই টাকার উৎস এবং গন্তব্য আদতে কোথায় ছিল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande