
লখনউ, ১৭ এপ্রিল (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগের তদন্ত প্রয়োজন। শুক্রবার এলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ এ কথা বলেছে। হয় উত্তর প্রদেশ সরকারকে এই অভিযোগের তদন্ত করতে অথবা কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার হাই কোর্টের লখনউ বেঞ্চ জানায়, রাহুল গান্ধী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না, এই গুরুতর অভিযোগের সঠিক পরীক্ষা হওয়া প্রয়োজন। বিজেপি কর্মী এস ভিগনেশ শিশির একটি বিশেষ এমপি/এমএলএ আদালতের ২৮ জানুয়ারির নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন। ওই আদালত এর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে বলেছিল যে, নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার তাদের নেই। তবে এদিন হাই কোর্ট জানাল যে, বিষয়টি যথাযথ যাচাইকরণের দাবি রাখে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ