
চিরাং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : অসমের ভারত-ভুটান সীমান্তবর্তী চিরাং জেলার অন্তর্গত রুনিখাতা সংরক্ষিত বনভূমিতে ‘অবৈধ দখল’দারদের উচ্ছেদ এবং কয়েকজনকে গ্রেফতারের বিরুদ্ধে সংগঠিত উগ্র প্রতিবাদে ব্যাপক হিংসার মুখে পড়েছে রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিস। দলবদ্ধ স্থানীয় মানুষজন উগ্র রূপ ধারণ করে বন বিভাগের একাধিক গাড়ি এবং অফিসে অগ্নিসংযোগ করে। পুলিশের লাঠি এবং প্রতিবাদকারীদের পাথরবৃষ্টিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আধিকারিক সূত্রের খবর, রুনিখাতা সংরক্ষিত বনভূমিতে অবৈধ দখলের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার পুলিশ নিয়ে অভিযান চালিয়েছিল বন বিভাগ। পরিচালিত অভিযানে ২৫ জন আদিবাসী ব্যক্তিকে আটক করা হয়েছিল। আটককৃতদের রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিসেই রাখা হয়েছিল।
এই পদক্ষেপের বিরুদ্ধে রাতভর ফরেস্ট রেঞ্জ অফিস ঘেরাও করেছিলেন স্থানীয় মানুষ। আজ (শুক্রবার) সকালে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ রেঞ্জ অফিস প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের মধ্যে বিপুল সংখ্যক মহিলা শামিল হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত বিক্ষোভকারীদের সঙ্গে বনরক্ষীদের সংঘর্ষ শুরু হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে এক তরুণী আহত হওয়ায় জনরোষ আরও বেড়ে যায়। পুলিশ ও বনরক্ষীদের লক্ষ করে ছোঁড়া হয় ইট-পাথর। ইট-পাথরের ঘায়ে একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। একজনের মাথায় পাথরের আঘাত লাগায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনি।
এক সময় উত্তেজিত জনতা বন বিভাগের গাড়ি ও অফিসে অগ্নিসংযোগ করে। এবার, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ। কোনও কিছুতেই কাজ হচ্ছে না দেখে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয়েছে।
পরিস্থিতির উপর কড়া নজর রেখে চলেছে সাধারণ ও পুলিশ প্রশাসন। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। স্থানীয় প্রশাসন সকলকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস