
সুপৌল, ১৭ এপ্রিল (হি.স.): বিহারে সুপৌলে ভয়াবহ অগ্নিকান্ড। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে, ভীমনগরের সাহারসা চকের নিকট একটি ইলেক্ট্রনিক্সের দোকানে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়েছে দোকানের অধিকাংশ জিনিস, যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা দমকলবাহিনীকে খবর দেয়। তবে দমকলবাহিনী ঘটনাস্থলে এক ঘন্টা দেরিতে পৌঁছানোয় স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলের তিনটি ইঞ্জিনের বহুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ভীমনগর, বীরপুর, রতনপুর এবং বালুয়া থানার পুলিশ। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক