
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অবৈধ অস্ত্র সরবরাহকারী একটি চক্রের পর্দাফাঁস করেছে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে দুটি পিস্তল, ২৩টি কার্তুজ উদ্ধার হয়েছে।
ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার পঙ্কজ কুমার শুক্রবার জানান, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম আবু তালিব (২৭)। সে শাহদারার ভোলা নাথ নগরের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে অস্ত্র মজুত করছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্রাইম ব্রাঞ্চের ‘ইআর-১’ দল বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে খবর পাচ্ছিল যে এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার বাড়ছে। সেই তথ্যের ভিত্তিতে শাহদারার একটি কলেজের কাছে নজরদারি চালানো হয়। পরে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে ভোলা নাথ নগরে অভিযুক্তের ডেরায় হানা দেয় পুলিশ।
জেরায় আবু তালিব স্বীকার করেছে, উত্তর প্রদেশের মেরঠ থেকে বিভিন্ন সময়ে সে অস্ত্রগুলি সংগ্রহ করেছিল। ক্রাইম ব্রাঞ্চ থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ এখন অস্ত্র সরবরাহকারী এবং চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস