
জলপাইগুড়ি, ১৭ এপ্রিল (হি. স.):-ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পুনা ভেংরার সমর্থনে জোরদার রোড শো করলেন অভিনেতা তথা বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। শুক্রবার মেটেলি এলাকায় এই রোড শোকে ঘিরে ব্যাপক জনসমাগম দেখা যায়।এদিন দুপুরে চালসা টিয়াবন হেলিপ্যাডে পৌঁছন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে সড়ক পথে মেটেলি বাজারের ইনডং মোড়ে যান তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপি প্রার্থী পুনা ভেংরা, জেলা নেতৃত্ব মনোজ ভুজেল সহ অন্যান্য নেতারা। এরপর ইনডং মোড়ে অবস্থিত বীর বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে রোড শো শুরু হয়।হুড খোলা গাড়িতে পুনা ভেংরাকে সঙ্গে নিয়ে মিঠুন চক্রবর্তীর রোড শো এগোতে থাকে মেটেলি বাজার চৌপথি পর্যন্ত। কয়েক হাজার কর্মী-সমর্থক এতে অংশ নেন। সাধারণ মানুষ, বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।রোড শো উপলক্ষে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন ছিলেন। বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসমাগমই আসন্ন নির্বাচনে তাদের জয়ের বার্তা বহন করবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়