
গুয়াহাটি, ১৭ এপ্রিল (হি.স.) : চিরাং জেলার অন্তৰ্গত রুনিখাতা সংরক্ষিত বনাঞ্চলে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতার পরিপ্রেক্ষিতে অসম সরকার চিরাং এবং পার্শ্ববর্তী কোকরাঝাড় জেলায় মোবাইল ইন্টারনেট ও ডাটা পরিষেবা সাময়িকভাবে বন্ধ করেছে।
আজ শুক্রবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারির জারিকৃত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬ এপ্রিল রুনিখাতা এলাকায় বন দফতরের উচ্ছেদ অভিযানে ২৫ জন আদিবাসীকে আটক করার পর চিরাং জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্ৰসঙ্গত, অসমের ভারত-ভুটান সীমান্তবর্তী চিরাং জেলার অন্তর্গত রুনিখাতা সংরক্ষিত বনভূমিতে ‘অবৈধ দখল’দারদের উচ্ছেদ এবং ২৫ জনকে গ্রেফতারের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে সংগঠিত উগ্র প্রতিবাদে ব্যাপক হিংসার মুখে পড়েছে রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিস। দলবদ্ধ স্থানীয় মানুষজন বন বিভাগের একাধিক গাড়ি এবং অফিসে অগ্নিসংযোগ করে। পুলিশের লাঠি এবং প্রতিবাদকারীদের পাথরবৃষ্টিতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের আশঙ্কা, সংগঠিত অশান্তি পার্শ্ববর্তী কোকরাঝাড় জেলায় ছড়িয়ে পড়তে পারে। তাই জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
বিজ্ঞপ্তিতে অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারি বলেছেন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়ো খবর ও উসকানিমূলক বিষয়বস্তু ছড়ানোর আশঙ্কা রয়েছে। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
তাই, ভারতীয় টেলিগ্রাফ আইন, ১৮৮৫ এবং টেলিকম পরিষেবা সাময়িক স্থগিত বিধি, ২০১৭-এর অধীনে সরকার সংশ্লিষ্ট চিরাং এবং কোকরাঝাড় জেলায় তাৎক্ষণিকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে ভয়েস কল এবং ফিক্সড-লাইন ব্রডব্যান্ড পরিষেবা চালু থাকবে। জারিকৃত নির্দেশ লঙ্ঘন করলে প্রযোজ্য আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস