
রাহুল গান্ধীকে অসমে সরকার গঠনের স্বপ্ন দেখা বন্ধ করার পরামর্শ
কলিয়াবর (অসম), ২ এপ্রিল (হি.স.) : বিজেপি কখনও অসমের ভূমিপুত্ৰ মুসলমানদের বিরোধিতা করে না। বিরোধিতা করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। কংগ্রেস আমলে অবৈধ অনুপ্রবেশকারীদের ‘লাল কার্পেট’ বিছিয়ে জামাই আদরে এনে সংস্থাপন দেওয়া হয়েছে, তাদের বিরোধিতা করে বিজেপি। বলেছেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ বৃহস্পতিবার অসমের নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরের মিসা হাইস্কুলের খেলার মাঠে বিজেপি জোটের উদ্যোগে আয়োজিত ‘বিজয় সংকল্প সমারোহ’-এ অংশগ্ৰহণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বিজেপির জোটপ্রার্থী অগপ-র কেশব মহন্তের সমর্থনে নির্বাচনী সমাবেশে ভাষণ দিয়েছেন।
প্রদত্ত ভাষণে কংগ্রেসের তীব্র সমালোচনা করে উপস্থিত জনতার উদ্দেশ্যে অমিত শাহ বলেন, বিজেপি কার্যকর্তাদের উচিত কলিয়াবর আসনে জোটপ্রার্থী কেশব মহন্তকে জয়ী করতে কঠোর পরিশ্রম করা। ধরে নিতে হবে, কলিয়াবরে বিজেপির প্রার্থী কেশব মহন্ত। বিজেপি-অগপ জোট কলিয়াবরের নিকটবর্তী কাজিরঙা জাতীয় উদ্যানকে অবৈধ দখলমুক্ত করেছে। কাজিরঙায় একশৃঙ্গ গণ্ডারের হত্যা বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, বলেন তিনি।
কংগ্রেসের শীর্ষ নেতা, লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, তাঁর দল ১৫ বছর ক্ষমতায় থেকে অসমের জন্য কী করেছেন? কেন্দ্র ও রাজ্যে সরকারে থাকা সত্ত্বেও কংগ্রেস অসমের জন্য কিছুই করেনি। মনমোহন সিঙের নাম না করে বলেন, ইউপিএ সরকারকে অসম দিয়েছে প্রধানমন্ত্রী। তার পরও অসম কিছু পায়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে অসমে ব্যাপক উন্নয়ন হয়েছে।
শহিদদের প্রকৃত সম্মান দেওয়ার দাবি করে তিনি বলেন, বিজেপি সরকার লাচিত বড়ফুকনের বীরত্বগাঁথা হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। ভারতরত্ন প্রদান করে গোপীনাথ বরদলৈ এবং ভূপেন হাজরিকাকে প্রকৃত সম্মান দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদীর আমলে।
রাহুল গান্ধীকে অসমে সরকার গঠনের স্বপ্ন দেখা বন্ধ করতে বলে অমিত শাহের দাবি, আগামী ১০ বছর কেন, আরও ১৫ বছর অসমে বিজেপি ও অগপ জোটের সরকার থাকবে। নির্বাচনের পর আসন্ন বিহু উৎসব বিজেপি-অগপ জোটের জয় উদযাপন করা হবে বলেও আজ ঘোষণা করেছেন বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ।
উল্লেখ্য, দুদিনের নির্বাচনী সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অসমে পৌঁছেছেন অমিত শাহ। তাঁর প্রথম নির্বাচনী সভা কলিয়াবর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার তিনি নিম্ন অসমের তিনটি বিধানসভা কেন্দ্রে আরও তিনটি নির্বাচনী সভায় অংশগ্ৰহণ করবেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস