অক্ষয় তৃতীয়া উপলক্ষে কোন্নগরের রাজেশ্বরী সেবা মঠে বিশেষ পূজা ও বস্ত্র বিতরণ
কোন্নগর, ২০ এপ্রিল (হি. স.) : অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভক্তসমাগমে মুখর হয়ে উঠল হুগলির কোন্নগরের রাজেশ্বরী সেবা মঠ। শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত এই মঠে সোমবার দিনভর বিশেষ পূজা পাঠ ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​মঠ সূ
রাজরাজেশ্বরী মন্দিরে


কোন্নগর, ২০ এপ্রিল (হি. স.) : অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভক্তসমাগমে মুখর হয়ে উঠল হুগলির কোন্নগরের রাজেশ্বরী সেবা মঠ। শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত এই মঠে সোমবার দিনভর বিশেষ পূজা পাঠ ও নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মঠ সূত্রে জানা গিয়েছে, এই পুণ্য তিথি উপলক্ষে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বৈদিক রীতি মেনে ব্রাহ্মণদেরও উপহার সামগ্রী প্রদান করা হয়। দুপুরে প্রায় হাজার খানেক ভক্তকে মন্দির প্রাঙ্গণে বসিয়ে ভোগ প্রসাদ বিতরণ করা হয়েছে। মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী সচ্চিত স্বরূপ এদিন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ব্যাখ্যা করে জানান, বৈশাখ মাসের এই তিথিতে যেকোনো শুভ কাজ করলে তা ‘অক্ষয়’ ফল প্রদান করে। সেই বিশ্বাস থেকেই মঠের পক্ষ থেকে পূজা, জপ ও দানকর্মে বিশেষ জোর দেওয়া হয়েছে।

​এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের পরমহংস গঙ্গা আশ্রম থেকে আগত আচার্য রবিশংকর দ্বিবেদী, মঠের উপপ্রধান পুরোহিত শ্রীধর দ্বিবেদী-সহ একাধিক বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব। উৎসবকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মঠ চত্বরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দিনভর পুজো ও সামাজিক কর্মসূচিতে অংশ নিতে ভক্তদের ভিড়ে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande