
আলিপুরদুয়ার, ২০ এপ্রিল (হি. স. ) : সোমবার আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলালের সমর্থনে ঢালাও পথযাত্রা করার কথা ছিল তৃণমূলের তারকা সাংসদ দেবের। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছনোর আগেই মাঝপথ থেকে ফিরে যেতে হয় তাঁকে। সেই প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে দুষে চূড়ান্ত অব্যবস্থা এবং চক্রান্তের অভিযোগ আনল তৃণমূল।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টলিউড তারকাকে দেখতে না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেন অনুরাগীরা। তবে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের আশ্বাস, “৪ মে’র পর ফের দেবকে আনব আমরা।
সুমনবাবুর অভিযোগ, “দেবের মতো তারকার জন্য যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকার কথা ছিল, সেটা দিতে পারেনি নির্বাচন কমিশন ও তাদের অধীনে থাকা পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী। এটা চক্রান্তও হতে পারে! পুরো না করেই ফিরতে হল দেবকে।” তাঁর কথায় সায় দেন তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত