
বীজপুর, ২০ এপ্রিল (হি. স.): বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীজপুরে প্রচারে ঝড় তুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সোমবার হালিশহর চৌমাথা থেকে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস-কে সঙ্গে নিয়ে একটি বর্ণাঢ্য রোড শো করেন তিনি। মিছিল স্টেশন রোড ধরে এগিয়ে সরকার বাজারে গিয়ে শেষ হয়।রোড শো ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসবের আবহ। রাস্তার দুই ধারে ভিড় জমায় হাজার হাজার মানুষ। বহুদিন পর প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুরাগীরা। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন।মিছিল শেষে সুদীপ্ত দাস বলেন, মহানায়ক উত্তম কুমারের পর বাংলার জনপ্রিয়তার নিরিখে মিঠুন চক্রবর্তী অন্যতম। তাই তাঁকে এক নজর দেখতে মানুষের এই ভিড় স্বাভাবিক। তবে তিনি আরও দাবি করেন, শুধুমাত্র জনসমাগম নয়, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন।এদিনের রোড শোকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হলেও রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতো।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়