
চন্দ্রকোনা, ২০ এপ্রিল (হি. স.): সোমবার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সূর্যকান্ত দোলই এবং ঘাটাল কেন্দ্রের প্রার্থী শ্যামলী সর্দ্দার-এর সমর্থনে বসনছোড়া ফুটবল ময়দানে এই সভার আয়োজন করা হয়।সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং অভিযোগ করেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ, আবাসন, জল ও শিক্ষা প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ করে দিয়েছে। পাশাপাশি কৃষকদের সমস্যার কথাও তুলে ধরে তিনি সারের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তীব্র সমালোচনা করেন।তিনি আশ্বাস দেন, আলুর ফলন বেশি হলেও কৃষকদের আর ক্ষতির মুখে পড়তে হবে না, রাজ্য সরকার ন্যায্য দামে ফসল কিনে নেবে। পাশাপাশি কৃষকদের জন্য পৃথক কৃষি বাজেট এবং নতুন হিমঘর তৈরির পরিকল্পনার কথাও ঘোষণা করেন।অভিষেক আরও দাবি করেন, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এর জন্য রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছে।সভা শেষে তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। জনসভায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়