
কলকাতা, ২০ এপ্রিল (হি. স. ) : “আজ আমরা একটা সময়ের সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জাতীয়তাবাদী বাঙালিরা পরিবর্তন চাইছে। সোমবার বিজেপি সল্টলেক কার্যালয়ে দলের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’-র সম্পাদক যুধাজিৎ সেন মজুমদার।
তিনি বলেন, দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি ডায়াস্পোরা, যাঁদের সঙ্গে বাংলার নাড়ির টান রয়েছে, যারা বাংলায় বিনিয়োগ চান, বাংলার এই বর্তমান অবস্থার পরিবর্তন চান তারা সবাই এই নির্বাচনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন।
যুধাজিৎ সেন মজুমদার বলেন, “এবারের নির্বাচন প্রথাগত নির্বাচন নয়, কারণ বাঙালি এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে বিগত ৩৪ বছর এবং তারপর বিগত ১৫ বছরে যেভাবে অবনতি ঘটেছে, সেইদিক থেকে দেখলে যদি এবার পরিবর্তন না হয় তাহলে পশ্চিমবঙ্গের আর ফিরে আসার জায়গা থাকবে না।।
তিনি বলেন, যদি পশ্চিমবঙ্গ না থাকে তাহলে বাঙালির অস্তিত্ব থাকবে না। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা দেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় পাসপোর্ট আজ কোন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু একটাই দুঃখ, বাংলা আজ কোথায় নেমে গেছে। তিনি বলেন, এটাই সঠিক সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে যে বিজেপি সরকার আছে, সেই সরকারকেই এই রাজ্যে নিয়ে আসার।
যুধাজিৎবাবু বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাঙালিরা এই রাজ্যে বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, কৃত্রিম মেধা নিয়ে কাজ করতে চায়। কিন্তু এখানে নতুন সরকার না আসা পর্যন্ত তাঁরা সেই ভরসা পাচ্ছেন না। তাই পরিবর্তন অবশ্যম্ভাবী বলেই তিনি জানান।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত