
তারকেশ্বর, ২০ এপ্রিল (হি. স.) : তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই এক ব্যতিক্রমী জনসংযোগে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সন্তু পান। সোমবার তিনি তারকেশ্বরের গ্রামীণ এলাকায় প্রচারে বেরিয়ে সরাসরি পৌঁছে যান এক সাধারণ পরিবারের অন্দরমহলে।
এদিন প্রচার চলাকালীন তিনি আচমকাই এক বৃদ্ধার রান্নাঘরে ঢুকে পড়েন। সেই সময় ওই বৃদ্ধা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। প্রার্থী তাঁর পাশে বসে সংসারের হালচাল, নিত্যদিনের অভাব-অভিযোগ এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রার্থীর এই ঘরোয়া মেজাজে কথা বলা দেখে স্থানীয় বাসিন্দারাও কিছুটা অবাক হন। অনেকেই এটিকে প্রার্থীর সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন।
এ প্রসঙ্গে সন্তু পান বলেন, “মানুষের হাঁড়ির খবর নিতে গেলে তো রান্নাঘরেই পৌঁছাতে হয়। আমি গ্রামের ছেলে, তাই সাধারণ মানুষের কষ্ট ও প্রতিকূলতাগুলো খুব ভালোভাবেই বুঝি।” নির্বাচনের মুখে প্রার্থীদের এই ধরনের সরাসরি জনসংযোগ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে তারকেশ্বরের রাজনৈতিক মহলে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA