
ভাঙড়, ২০ এপ্রিল (হি. স. ) : আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির নির্বাচনী প্রচারের মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার অন্তর্গত ভোগালী ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বানিয়ারা গ্রামে এই ঘটনাটি ঘটে।
অভিযোগ, এদিন সকালে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী গাড়ি করে প্রচার চালাচ্ছিলেন। সেই সময় একদল তৃণমূল কর্মী তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা আইএসএফ কর্মীরাও ‘চোর চোর’ স্লোগান দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় পুলিশ কার্যত লাঠিচার্জ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল চলছে।
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা