
মালদা, ২০ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার মালদা পৌঁছলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল। এদিন জেলা প্রশাসনিক ভবনে তিনি জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, জেলাশাসক এবং পুলিশ সুপার।
বৈঠক শেষে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন আধিকারিক স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বৈধ নথি ছাড়া কোনও ব্যক্তি বুথ চত্বরে প্রবেশ করতে পারবেন না। তিনি আরও বলেন, রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছবেন। প্রয়োজনে অশান্তিপ্রবণ এলাকায় পুনর্নির্বাচনের বিষয়টিও বিবেচনা করা হবে বলে তিনি জানান।
নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বেশ কিছু কড়া পদক্ষেপের কথা উল্লেখ করেন মনোজ আগরওয়াল। তিনি জানান, সিভিক ভলান্টিয়ারদের নির্বাচনী কোনও দায়িত্ব দেওয়া হবে না এবং পরিযায়ী শ্রমিকরা যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। প্রতিটি বুথে সিসিটিভি নজরদারি এবং নির্দিষ্ট রিপোর্টিং পদ্ধতি চালু করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানার ওসি-দের ভূমিকা নিয়ে আসা অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়