
গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : কৃত্রিম বন্যা ও প্রতিকূল আবহাওয়ার দরুন আজ সোমবার গুয়াহাটি পৌর নিগমের অন্তর্গত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কামরূপ মেট্রো জেলা প্রশাসন। এদিকে বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ও বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রবিবার রাতে কামরূপ মেট্রোর জেলাশাসক তথা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান স্বপ্নীল পাল তৎক্ষণাৎ একটি জরুরি নির্দেশ জারি করেছেন। নির্দেশ অনুযায়ী, আজ সোমবার (২০ এপ্রিল) গুয়াহাটি পৌর নিগম এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রসঙ্গত রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গুয়াহাটি মহানগর। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সংগঠিত ভারী বৃষ্টির ফলে সৃষ্ট কৃত্রিম বন্যায় শহরের বহু এলাকা প্লাবিত হয়ে গেছে। অধিকাংশ প্রধান ও উপ-সড়কে হাঁটু থেকে কোমরসমান জল জমে যায়।
বৃষ্টির ফলে মহানগরের প্রায় সর্বত্র তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু যানবাহন দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে থাকে। রবিবার সন্ধ্যার এক দফা বৃষ্টিতেই চারদিকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। হাতিগাঁও, রুক্মিণীগাঁও, অনিলনগর, নবীননগর, গণেশগুড়ি, ছয়মাইল, অম্বিকাগিরি নগর, জুরোড, কাহিলিপাড়া, জতিয়া প্রভৃতি এলাকা জলের ওপর ভাসছে। এককথায় গুয়াহাটি মহানগরে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে রবিবার রাতেই কামরূপ মহানগর জেলা প্রশাসন জরুরি নির্দেশ জারি করে।
এছাড়া জরুরি পরিস্থিতিতে ৯৩৫৬৫৪২৯৩১৪ নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ১০৭৭ নম্বরে ফোন করতে বলা হয়েছে। পশাপাশি নাগরিকদের সতর্ক ও সাবধান থাকার আহ্বান জানিয়েছেন জেলাশাসক।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস