
দুর্গাপুর, ২০ এপ্রিল (হি.স.): সোমবার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে প্রচারে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় এক বর্ণাঢ্য রোড শো-এর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করেন তিনি। এদিন গৌরবাজার এলাকায় দীর্ঘ পথ পরিক্রমা করেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর পাশে ছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। রোড শো-টি ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। রাস্তার দুই ধারে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকা পরিক্রমার সময় তিনি পাণ্ডবেশ্বরের মানুষের কাছে জিতেন্দ্র তেওয়ারিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।
রোড শো শেষে তিনি মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখ খোলেন। বলেন, কংগ্রেস, ডিএমকে আর তৃণমূল একত্রিত হয়ে এই বিল আটকে দিয়েছে। মহিলারা এর প্রতিশোধ নেবে। নারী স্বশক্তিকরণের বিলের বিরোধিতা করে দেশের মহিলাদের অপমান করেছে এরা। এর জবাব বাংলার মহিলারা ভোটে দেবেন। এর পাশাপাশি কড়া ভাষায় দুষ্কৃতীদের সতর্ক করে তিনি বলেন, বাংলার সমস্ত গুন্ডাদের বলছি, ২৯ তারিখের মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। না হলে বিজেপি আপনাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ