
রায়পুর, ২০ এপ্রিল (হি.স.): ফের আকাশপথে দুর্ঘটনা। সোমবার ছত্তিশগড়ের পাহাড়ি অঞ্চলে ভেঙে পড়ল একটি ব্যক্তিগত বিমান। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের জশপুর জেলায়।
এ দিন ছত্তিশগড়ের জশপুর জেলার লাগোয়া নারায়ণপুরে সোমবার বিকেলের দিকে একটি সেশনা ক্যারাভান চার্টার্ড বিমান ভেঙে পড়েছে বলে খবর। ওই বিমানটি খুব নিচু দিয়ে ওড়ার সময় পাহাড়ের লাগোয়া গাছে ধাক্কা লেগে ভেঙে পড়ে বলে জানা গেছে। আশঙ্কা করা হচ্ছে, বিমানের যাত্রীদের মৃত্যু হয়েছে। তবে, বিমানে কত জন যাত্রী ছিলেন বা বিমানটি কে ভাড়া নিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করার জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন জশপুর জেলায় এই দুর্ঘটনাটি ঘটে, সেসময় বিমানটি মাটি থেকে প্রায় ৩০ ফুট উচ্চতায় উড়ছিল। জশপুর-নারায়ণপুর অঞ্চলের একটি পাহাড়ের ঢালে ভেঙে পড়া বিমানটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। যদিও বিমানে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয়দের বিবরণ থেকে ধারণা করা হচ্ছে, এই দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ