
উত্তর দিনাজপুর, ২০ এপ্রিল (হি.স.): পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রূপাহারের মহাদেবপুর এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা মারে একটি ডাম্পার। সেই দুর্ঘটনায় মারা যান ডাম্পারের চালক। খবর পেয়ে গাজল থেকে একটি অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে যায়। ততক্ষণে অন্য একটি অ্যাম্বুল্যান্স–এ করে ডাম্পারের চালককে রায়গঞ্জ মেডিক্যাল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, অ্যাম্বুল্যান্সটি ফেরার পথে সেটির পিছনে আবার একটি ট্রেলার ধাক্কা মারে। নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুল্যান্সটি পথচারীদের ধাক্কা মারলে তাতে বেশ কয়েক জন জখম হন। পরে তাঁদের মধ্যে দু'জন মারা যান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ