চুড়াইবাড়িতে কুরিয়ার সার্ভিসের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ লক্ষ টাকার নেশার সিরাপ উদ্ধার
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২০ এপ্রিল (হি.স.) : মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। উত্তর ত্রিপুরার সীমান্ত সংলগ্ন অসমের চুড়াইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ জব্দ করল পুলিশ। সোমবার সকালে অসমের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলি
নেশার সিরাপ উদ্ধার


চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২০ এপ্রিল (হি.স.) : মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল অসম পুলিশ। উত্তর ত্রিপুরার সীমান্ত সংলগ্ন অসমের চুড়াইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার সিরাপ জব্দ করল পুলিশ। সোমবার সকালে অসমের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ তল্লাশি চালিয়ে একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ৩৬০০ শিশি এসকাপ সিরাপ উদ্ধার করেছে। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের কালোবাজারি মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারীরা এবার মাদক পাচারের জন্য ‘ওম লজিস্টিক কোরিয়ার’ নামক একটি অনলাইন ডেলিভারি সংস্থার গাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। সাধারণ অনলাইন সামগ্রীর আড়ালে গাড়ির ভেতর অত্যন্ত সুকৌশলে দুটি বড় কাঠের বাক্স তৈরি করা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে অসমের চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ দল রুটিন তল্লাশি শুরু করে। গাড়িটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করার সময় ওই গোপন কুঠুরিতে রাখা কাঠের বাক্স দুটির সন্ধান মেলে।

তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, ওই দুটি বাক্সের ভেতরে থাকা ১২টি প্যাকেটে মোট ৩,৬০০ শিশি এসকাপ সিরাপ লুকানো ছিল। জেলা পুলিশ আধিকারিক অনির্বাণ শর্মা সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সিরাপের কালোবাজারি মূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে গাড়িটি যখন চুড়াইবাড়ি নাকা গেটে প্রবেশ করে, তখনই পুলিশ সেটিকে আটকায়। তবে পুলিশের তৎপরতা দেখে এবং তল্লাশি চলাকালীন সুযোগ বুঝে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এই ঘটনায় জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।

পরপর তিন দিন এভাবে বড়সড় মাদকের চালান ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি এই আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande