
আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : ভোটের উত্তাপ আর তীব্র দাবদাহের মাঝেই এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাজি। সোমবার গোঘাটের শুনিয়া গ্রামে প্রচার চলাকালীন এক অসুস্থ যুবককে দেখে নিজের প্রচার থামিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসায় লিপ্ত হন তিনি।
এদিন এলাকার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রির কাছাকাছি। প্রখর রোদ উপেক্ষা করেই জোরদার প্রচার চালাচ্ছিলেন নির্মল মাজি। সেই সময় তিনি জানতে পারেন স্থানীয় যুবক অভিজিৎ মালিক গুরুতর অসুস্থ। প্রার্থী নিজেই পেশায় চিকিৎসক হওয়ায় কালক্ষেপ না করে পৌঁছে যান ওই যুবকের বাড়িতে। ২০২২ সালে বিষপান করার পর থেকে অভিজিৎ ঠিকমতো চলাফেরা করতে পারেন না। প্রার্থী তাঁকে নিবিড়ভাবে পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ লিখে দেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় রেফার করার আশ্বাসও দেন তিনি।
আকস্মিকভাবে প্রার্থীকে পাশে পেয়ে আপ্লুত অসুস্থ যুবকের পরিবার। অভিজিৎ বলেন, আমি ঠিক হয়ে যাব— ডাক্তারবাবুর এই আশ্বাসই আমার ও আমার পরিবারের কাছে বড় পাওনা। উনি আমার জন্য ওষুধের ব্যবস্থাও করে দিয়েছেন।
এ প্রসঙ্গে নির্মল মাজি বলেন, গোঘাটে প্রচারে আসার পর থেকে এ পর্যন্ত আমি ১০০-র বেশি রোগী দেখেছি। মানুষের সেবা করা আমার নেশা। বিধানসভা ভোটে জয়ী হলে এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রার্থীর এমন মানবিক আচরণ বর্তমানে এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA