খড়গপুরে জনজোয়ারে অভিষেক, পানীয় জল ও দূষণমুক্ত শহরের বড় প্রতিশ্রুতি
খড়গপুর, ২১ এপ্রিল (হি. স.) : তীব্র দাবদাহ উপেক্ষা করেই মঙ্গলবার দুপুরে খড়গপুর মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রচার তুঙ্গে তুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকে সঙ্গে নিয়ে খড়গপুর সদর বিধানসভা
অভিষেক বন্দ্যোপাধ্যায়


খড়গপুর, ২১ এপ্রিল (হি. স.) : তীব্র দাবদাহ উপেক্ষা করেই মঙ্গলবার দুপুরে খড়গপুর মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রচার তুঙ্গে তুললেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকে সঙ্গে নিয়ে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে এক বিশাল রোড শো করেন তিনি। রাজপথ জুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড় এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস এদিন নজর কেড়েছে।

মালঞ্চ এলাকার প্রেমহরি ভবনের সামনে এক জমায়েতে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক খড়গপুরবাসীর দীর্ঘদিনের যন্ত্রণার কথা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, খড়গপুরের প্রধান সমস্যা তথা পানীয় জলের কষ্ট আগামী পাঁচ বছরের মধ্যে চিরতরে দূর করবে রাজ্য সরকার।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সহযোগিতা করুক বা না করুক, তৃণমূল কংগ্রেসের সরকার আগামী পাঁচ বছরে খড়গপুরের প্রতিটি ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছে।

শহরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, কিছু কারখানার কারণে খড়গপুরে দূষণের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এর স্থায়ী সমাধানের জন্য দ্রুত বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যারা পরিস্থিতির সমীক্ষা করে দ্রুত ব্যবস্থা নেবে।

এদিন নাম না করে বিজেপি নেতা দিলীপ ঘোষকেও কড়া ভাষায় বিঁধতে ছাড়েননি অভিষেক। তিনি দাবি করেন, এখানকার ঘরের ছেলে প্রদীপ সরকার দেড় বছরে যে পরিমাণ কাজ করেছেন, এত বছর সাংসদ ও বিধায়ক পদে থেকেও দিলীপ ঘোষ তার সিকিভাগও করতে পারেননি।

অভিষেক এদিন স্পষ্ট বার্তা দেন যে, খড়গপুরের মানুষ আর বিভাজনের রাজনীতি চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে ‘জোড়াফুল’ চিহ্নে ভোট দিয়ে প্রদীপ সরকারকে বিপুল ব্যবধানে জয়ী করার আহ্বান জানান তিনি। খড়গপুরবাসীর এই অকুন্ঠ সমর্থনই তৃণমূলের প্রধান শক্তি বলে এদিন মন্তব্য করেন অভিষেক।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande