
মুম্বই, ২১ এপ্রিল (হি. স.) : বর্ষীয়ান রাজনীতিবিদ তথা এনসিপি প্রধান শরদ পাওয়ারকে শারীরিক অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৫ বছর বয়সি এই প্রবীণ নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়। তবে হাসপাতাল ও দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
জানা গিয়েছে, গত দু’দিন ধরে প্রবীণ এই নেতা বুকে সংক্রমণের সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও তিনি একই সমস্যায় আক্রান্ত হয়েছিলেন এবং ডিহাইড্রেশনের কারণে পুণের একটি হাসপাতালে তাঁকে দু’বার ভর্তি করতে হয়েছিল। সম্প্রতি রাজ্যসভায় শপথ গ্রহণের সময়ও তাঁকে হুইলচেয়ারে দেখা গিয়েছিল, যা তাঁর দুর্বল স্বাস্থ্যেরই ইঙ্গিত দিচ্ছিল।
শরদ পাওয়ারের কন্যা তথা সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন যে, উদ্বেগের কোনও কারণ নেই। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং কিছু বিশেষ ডাক্তারি পরীক্ষার জন্যই তাঁকে হাসপাতালে রাখা হয়েছে। সুপ্রিয়া আরও জানান যে, বর্তমানে তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং পরীক্ষার রিপোর্টগুলো হাতে পাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শরদ পাওয়ারের এই আকস্মিক অসুস্থতার কারণে তাঁর পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচিগুলোতে পরিবর্তন আনা হয়েছে। বারামতি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে একটি গুরুত্বপূর্ণ জনসভায় তাঁর যোগ দেওয়ার কথা ছিল। উল্লেখ্য, অজিত পাওয়ারের প্রয়াণের পর বারামতিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে অজিত-পত্নী সুনেত্রা পাওয়ারের সমর্থনে প্রচার চালানোর কথা ছিল শরদ পাওয়ারের। কিন্তু শারীরিক কারণে সেই কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। এনসিপি নেতৃত্বের পক্ষ থেকে সমর্থকদের আশ্বস্ত করে জানানো হয়েছে যে, আগামী দু-একদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি