
পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল (হি.স.): কার্শিয়ং, কুলটির পর মঙ্গলবার শালবনিতে বিজয় সংকল্প জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, বাংলায় শিল্পের স্বপ্ন শুধু নরেন্দ্র মোদী পূরণ করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১৫ বছরে একাধিক কারখানা, শিল্প বন্ধ করিয়েছেন। বলেন, এখানে জিন্দাল স্টিলের প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রকল্প কি বাস্তবায়িত হয়েছে? এই প্রকল্প একমাত্র মোদীজি-ই সম্পূর্ণ করতে পারেন, আর আমরা সেটিকে সম্পূর্ণ করার কাজ করব। প্রতিটি যুবক-যুবতীকে নিজের ব্যবসা শুরু করার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। পাশাপাশি, প্রতি পরিবারের বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ ভারতীয় জনতা পার্টি বহন করবে।
মমতাদিদি নিজের চ্যালা হুমায়ুন কবীরকে দিয়ে বাংলায় বাবরি মসজিদ বানাতে চান। দিদি, আপনি শুনে নিন, বাংলা ভারতের মধ্যে। কোনও কবীরকে দিয়ে বাবরি মসজিদ বানাতে দেব না আমরা। বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে নদী থেকে একটি কাঁকরও তুলতে দেওয়া হবে না। বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জিন্দাল স্টিল প্রকল্প দ্রুত সম্পূর্ণ করা হবে। অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরা রাজ্যের যুবকদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে। ভোটব্যাঙ্ক রাজনীতির কারণে তৃণমূল এই বিষয়টি উপেক্ষা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অনুপ্রবেশকারীদের নিয়েই ভাবেন, তাদের বাঁচাতে চান। ৫ তারিখের পর শুধু বাংলা নয়, গোটা দেশ থেকেই একে একে অনুপ্রবেশকারীদের তাড়িয়ে দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ