
পশ্চিম বর্ধমান, ২১ এপ্রিল (হি.স.): পশ্চিম বর্ধমানের কুলটিতে সভা করতে এসে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে, অবৈধ খনি বন্ধের আশ্বাসও দিলেন। তাঁর কথায়, এই কুলটি ছিল ব্লাস্ট ফার্নেসের মাটি। এথান থেকে লোহা সারা দেশে যেত। মমতার সরকার ফার্নেস বন্ধ করার কাজ করেছে। বিজেপির সরকার ক্ষমতায় এলে এলাকার অবৈধ খনি বন্ধ করা হবে। স্পঞ্জ আয়রন কারখানা থেকে যে বিষ ছড়ায়, তা বন্ধ করা হবে। মাফিয়াদের জেলে ভরা হবে। এই ভোট আমাদের প্রার্থীকে বিধায়ক করার ভোট নয়। বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী করার ভোট নয়। এটা বাংলাকে অনুপ্রবেশ-মুক্ত করার ভোট। কুলটির সভা থেকে এই ভাষাতেই বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহিলা নিরাপত্তা সহ একাধিক ইস্যুতে বার্তা দেন তিনি। নারী সুরক্ষা থেকে শুরু করে সিন্ডিকেট- সবকিছু নিয়েই বার্তা দিয়েছেন শাহ। তিনি বলেন, বিজেপি বাংলার মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে। মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে শাহ বলেন, মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়।
অমিত শাহ বলেন, মমতা দিদির লজ্জা হওয়া উচিত, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও বছরের পর বছর সন্দেশখালিতে অনুপ্রবেশকারীরা আমাদের মা-বোনদের উপর অত্যাচার চালিয়েছে। মমতা দিদির শাসনে চাকরি বিক্রি হয়েছে। আমরা স্বচ্ছ পদ্ধতিতে, কোনও সুপারিশ ছাড়াই প্রতি বছর এক লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়ার কাজ করব। মমতা দিদি একটি গুজব ছড়াচ্ছেন, এখন যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো চলছে, সেগুলো নাকি ভারতীয় জনতা পার্টি বন্ধ করে দেবে। আমি আজ বলে যাচ্ছি, একটিও জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না। বরং যেগুলো চালু হয়নি সেগুলো লাগু করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ