
জামালদহ, ২১ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে কোচবিহারের মেখলিগঞ্জে প্রচারে ঝড় তুললেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী তথা বিজেপি সাংসদ হেমা মালিনী। মঙ্গলবার মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছোট কালিরহাটে বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। রুপোলি পর্দার ‘ড্রিম গার্ল’-কে সামনে থেকে দেখার জন্য সকাল থেকেই কালিরহাটের বল খেলার মাঠে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
এদিন দুপুর ১২টা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে পৌঁছান হেমা মালিনী। মঞ্চে উঠেই তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে একের পর এক আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, “বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন।” রাজ্যের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন যে, বাংলায় কোনও বড় শিল্প নেই এবং কর্মসংস্থানের অভাবে এখানকার যুবসমাজকে কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রাজ্য সরকার আটকে রাখার ফলে সাধারণ মানুষ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় হেমা মালিনী দাবি করেন যে, বিজেপি সরকারই মহিলাদের প্রকৃত ক্ষমতায়ন ও অধিকার আদায়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধিতা করে মহিলাদের পিছিয়ে রাখছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাজ্যে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে এবং শিল্প ও কর্মসংস্থান ফিরিয়ে আনতে বাংলার মানুষকে ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার আহ্বান জানান তিনি।
ভোটের ঠিক আগে সীমান্তবর্তী এই এলাকায় হেমা মালিনীর মতো তারকা প্রচারকের উপস্থিতি বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উন্মাদনা সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষের আবেগ ও তারকা মহিমাকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী মেখলিগঞ্জের ভোটবাক্স নিজেদের দিকে টানাই এখন গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। সভা শেষে হেমা মালিনীকে কেন্দ্র করে উছলপুকুরি এলাকায় ব্যাপক জনজোয়ার দেখা যায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি