
পশ্চিম মেদিনীপুর, ২১ এপ্রিল ( হি. স.) : প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে অগ্নিগর্ভ হয়ে উঠল মেদিনীপুরের মোহনপুর এলাকা। মঙ্গলবার প্রচারের শেষলগ্নে দাঁতন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজিত কুমার জানা এবং তাঁর সমর্থকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় প্রার্থী নিজে গুরুতর আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী রক্তাক্ত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মোহনপুরের আঁতলা এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি বাইক মিছিল বের করা হয়েছিল। অভিযোগ, মিছিল চলাকালীন আচমকাই কিছু দুষ্কৃতী মিছিলের ওপর চড়াও হয়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে। হামলায় অজিত কুমার জানার হাত ভেঙে গিয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের বিছানায় শুয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। তিনি বলেন: দাঁতনের মানুষ সব দেখছেন। কংগ্রেস আমলে জরুরি অবস্থার সময় পুলিশি নির্যাতন সয়েছি, জেল খেটেছি। আর আজ তৃণমূলের গুণ্ডারা আমাকে মারল। আসলে ওরা ভয় পেয়েছে। এই লড়াই আমার জন্মভূমি দাঁতনের অধিকার ফেরানোর লড়াই, যা চলবেই। আঁতলা এলাকায় আজকের এই বর্বরোচিত হামলার জবাব ৪ মে সাধারণ মানুষ ব্যালটেই দেবে।
ঘটনার পর থেকেই জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে বিরোধীদের ভয় দেখিয়ে ভোট প্রক্রিয়া ব্যাহত করতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হিংসা ছড়াচ্ছে। অন্যদিকে, এই হামলার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় নতুন করে অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। প্রথম দফার ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে এই ঘটনা জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি