
কুলটি, ২১ এপ্রিল (হি.স.) : পশ্চিম বর্ধমান জেলার কুলটির নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ-সহ একাধিক ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, আগামী ৫ তারিখ বিজেপিকে সরকার গড়তে দিন। তার পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বাংলা থেকে বার করব।”
অমিত শাহ বলেন, এই নির্বাচন কাউকে বিধায়ক বা বিজেপি কর্মীকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নয়, বরং বাংলাকে অনুপ্রবেশকারীমুক্ত করার জন্য। মমতা দিদি অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চান। কিন্তু আমি আপনাদের এই বার্তা দিয়ে যাচ্ছি: ২৩ তারিখে পদ্ম বোতাম টিপুন এবং ৫ মে বিজেপি সরকার গঠন করুন। বিজেপি বাংলা থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে এক এক করে বিতাড়িত করার জন্য কাজ করবে।
অমিত শাহ আরও বলেন, এখানকার নানা জায়গায় বোন, নারী ও মায়েদের ওপর নির্যাতন করা হয়েছে। এই মমতা দিদি বলছেন, মা ও বোনেদের সন্ধ্যা ৭টার পর বাড়ি থেকে বের হওয়া উচিত নয়। মমতা দিদি, আপনার সময় ফুরিয়ে আসছে। মা ও বোনেদের এই আশ্বাস দিয়ে যাচ্ছি, ৪ মে-র পর এখানে মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হবে। আপনাদের বলছি, ৪ মে-র পর, রাত ১টায় একটি ছোট্ট মেয়ে স্কুটারে গেলেও কোনো গুন্ডা চোখ তোলার সাহস করবে না। বিজেপি এখানকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ