
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ার সঙ্কটজনক পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ, বন্দর কার্যক্রম ও দুগ্ধ খাত স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কেন্দ্র সরকার। শক্তি নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলা বজায় রাখা এবং প্রবাসী ভারতীয়দের সুরক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।
মঙ্গলবার এক আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল জানান, পশ্চিম উপকূলের প্রধান বন্দরগুলিতে কনটেনার চলাচল ৯৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেলেও বর্তমানে বন্দর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সমস্ত ভারতীয় নাবিক নিরাপদ আছেন। সমুদ্র বীমা সহজ করতে ‘ভারত মেরিন ইন্স্যুরেন্স পুল’-এর জন্য ১২,৯৮০ কোটি টাকার গ্যারান্টি ফান্ড অনুমোদন করা হয়েছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পশ্চিম এশিয়ার পরিস্থিতির উপর নজর রেখে উপসাগরীয় দেশগুলির সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো হয়েছে। শক্তি নিরাপত্তা ও প্রবাসীদের কল্যাণে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
অন্যদিকে, পশুপালন ও দুগ্ধ দফতরের তরফে জানানো হয়েছে, দেশের দুগ্ধ উৎপাদন, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। কৃষকদের নিয়মিত অর্থপ্রদান করা হচ্ছে এবং সরবরাহ শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য