
দুর্গাপুর, ২১ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের নির্দেশিকা উপেক্ষা করে ‘পিছনের দরজা’ দিয়ে মদ পাচারের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল পাণ্ডবেশ্বরে। প্রচারের শেষ দিনে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। তাঁর দাবি, “মদ-মাংস দিয়ে মানুষ কেনার চেষ্টা চলছে, কিন্তু পাণ্ডবেশ্বরের মানুষ তা মানবে না।”
জিতেন্দ্র তিওয়ারির অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও আউশগ্রাম ও পাণ্ডবেশ্বর এলাকায় বিলেতি মদের দোকান থেকে বেআইনিভাবে মদ পাচার করা হচ্ছে। তিনি দাবি করেন, মঙ্গলবার দিনদুপুরে একটি কালো স্কর্পিও গাড়িতে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকার মদ নিয়ে যাওয়া হয়, যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূলের লোকজন এই কাজের সঙ্গে যুক্ত এবং ভোটের আগে সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য মদ ও মাংস বিলি করা হচ্ছে। তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিও তোলা হয়েছে।
এদিন তিনি বলেন, গত পাঁচ বছরে তৃণমূল বিধায়ক দুর্নীতিতে জড়িত ছিলেন এবং ভোটের সময় সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তবে মানুষই এর জবাব দেবে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
প্রচারের শেষ লগ্নে পাণ্ডবেশ্বরের মানুষকে ধন্যবাদ জানিয়ে জিতেন্দ্র তিওয়ারি প্রতিশ্রুতি দেন, বিজেপি ক্ষমতায় এলে ‘গ্রিন ও ক্লিন’ পাণ্ডবেশ্বর গড়ে তোলা হবে। পাশাপাশি পঞ্চপাণ্ডব জলপ্রকল্প, ব্লাড ব্যাঙ্ক গঠন এবং ছাঁটাই হওয়া ঠিকা শ্রমিকদের পুনর্বহালের কথাও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা