
ভুবনেশ্বর, ২২ এপ্রিল ( হি. স.) : ওড়িশা জুড়ে শুরু হওয়া ২০২৭-এর আদমশুমারি বা জনগণনার প্রথম পর্যায়ের কাজে নিযুক্ত কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ সুনিশ্চিত করতে বিশেষ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। বুধবার রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা দফতরের অতিরিক্ত মুখ্য সচিব অরবিন্দ পাধী সমস্ত জেলাশাসক এবং মিউনিসিপ্যাল কমিশনারদের এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৬ এপ্রিল থেকে ওড়িশাজুড়ে ‘হাউস লিস্টিং’ বা গৃহতালিকাভুক্তকরণ এবং আবাসন গণনার কাজ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মে পর্যন্ত। এই সময়কালে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবাসনের স্থিতি, সুযোগ-সুবিধা এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ করছেন।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে জনগণনা কর্মীদের নিয়ে বেশ কিছু উদ্বেগজনক খবর সামনে আসার পরেই এই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সোনপুর জেলায় কাজ থেকে ফেরার পথে এক কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ময়ূরভঞ্জ জেলা থেকে এক মহিলা কর্মীর নিখোঁজ হওয়ার খবর মিলেছে। এছাড়া বালেশ্বর ও রাউরকেল্লা থেকে হিট-স্ট্রোক এবং পথ দুর্ঘটনার মতো একাধিক ঘটনার খবর আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন।
তীব্র দাবদাহ বা ‘হিট ওয়েভ’-এর কথা মাথায় রেখে ফিল্ড কর্মীদের ঝুঁকি কমাতে এবং নিয়মিত তাঁদের স্বাস্থ্যের ওপর নজরদারি চালাতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, কর্মীদের নিরাপত্তা প্রোটোকল এবং সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে আরও সচেতন করার ওপর জোর দেওয়া হয়েছে। জনগণনার কাজ যাতে নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয়, তার জন্য কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর ওড়িশা সরকার।
হিন্দুস্থান সমাচার / সোনালি