ধর্মনগরে ঝড়ের তাণ্ডব, গাছ ভেঙে গাড়ির উপর—আহত বহু
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে বুধবার রাতে বড়সড় দুর্ঘটনা। রয়েল ধাবার কাছে হঠাৎ একটি বহু পুরনো বিশাল গাছ উপড়ে সড়কের উপর ভেঙে পড়ে, আর সেই সময় রাস্তা
গাছ ভেঙে গাড়ির উপর


ধর্মনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার কৃষ্ণপুর এলাকায় প্রবল ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার জেরে বুধবার রাতে বড়সড় দুর্ঘটনা। রয়েল ধাবার কাছে হঠাৎ একটি বহু পুরনো বিশাল গাছ উপড়ে সড়কের উপর ভেঙে পড়ে, আর সেই সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির উপর গাছটি আছড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনাস্থলে একটি বোলেরো গাড়ি, একটি স্কোরপিও এবং একটি ই-রিকশা দাঁড়িয়ে ছিল। আচমকাই গাছটি ভেঙে পড়ে সরাসরি বোলেরো ও ই-রিকশার উপর। এতে বোলেরো গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং ই-রিকশাটি উল্টে যায়। ঘটনায় ই-রিকশায় থাকা যাত্রীসহ একাধিক ব্যক্তি গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন এবং ধর্মনগর দমকল দফতরে খবর দেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে সরানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে। পরে আহতদের তড়িঘড়ি ধর্মনগর জেলা হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন অনিতা নাথ, চন্দনা নাথ, অনিমা নাথ, অভিজিৎ দাস, কার্তিক দাস, বিজন নাথ এবং বিষ্ণু দেব। জানা গেছে, আহতরা উপ্তাখালি, বটরশি ও চন্দ্রপুর এলাকার বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর মহকুমার মহকুমাশাসক দেবযানী চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তাঁর নির্দেশে জরুরি ভিত্তিতে রাস্তার উপর পড়ে থাকা গাছ সরানোর কাজ সম্পন্ন করা হয়। পরবর্তীতে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রাথমিক চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। তিনি জানান, আগামীকাল তহশিলদারসহ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত অনুদানের ব্যবস্থা করবেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

উল্লেখ্য, এই ঝড়-বৃষ্টির প্রভাবে ধর্মনগরের একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রশাসনের তরফে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ জোরকদমে চালানো হচ্ছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande