
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের বিদায়ী বিজেপি বিধায়ক তথা প্রখ্যাত অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে নীতি আয়োগের অন্যতম উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার। অশোকের পাশাপাশি বিজ্ঞানী গোবর্ধন দাসকেও শুক্রবার নীতি আয়োগের সদস্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন অশোক লাহিড়ী। তাঁদের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে।
এদিকে, অশোক লাহিড়ীকে অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি এক্স মাধ্যমে জানান, কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন, আন্তর্জাতিক স্তরে কাজের অভিজ্ঞতা এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় সক্রিয় উপস্থিত— এই সব মিলিয়ে স্বনামধন্য অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর দীর্ঘ পথচলা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং নীতি নির্ধারণের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বাস্তব জ্ঞানের এক মূল্যবান সংযোজন। একইসঙ্গে বিজ্ঞানী গোবর্ধন দাস-এর নীতি আয়োগের সদস্য পদে অন্তর্ভুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থনীতি ও বিজ্ঞানের সমন্বয়ে আধুনিক ভারতের নীতি প্রণয়নের যে প্রয়োজনীয়তা, তা আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হবে এই সিদ্ধান্তে। প্রযুক্তি, গবেষণা ও তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে দেশের উন্নয়নে নতুন গতি আসবে। বাঙালির মেধা, পরিশ্রম ও নেতৃত্বের এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের বিষয়। জাতীয় স্তরে বাঙালির এই শক্তিশালী উপস্থিতি ভবিষ্যতে আরও অনুপ্রেরণা জোগাবে এবং দেশের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ