
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি. স.) : উত্তর প্রদেশের গাজীপুরে বিশ্বকর্মা সমাজের এক তরুণীকে ধর্ষণ ও নির্মমভাবে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী । তিনি অভিযোগ করেন, ঘটনার পর নির্যাতিতার পরিবারকে এফআইআর দায়ের করতে বাধা দেওয়া হয়েছে এবং তাঁদের হুমকি ও হিংসার মুখে পড়তে হয়েছে।
শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্টে রাহুল গান্ধী বলেন, হাথরাস, কাঠুয়া, উন্নাও এবং বর্তমানে গাজীপুর— এই ঘটনাগুলি একই ধরনের একটি ‘প্যাটার্ন’। তিনি মণিপুর -এর ঘটনাও উল্লেখ করে বলেন, সেখানে এক তরুণী ন্যায়বিচারের অপেক্ষায় প্রাণ হারিয়েছেন।
রাহুল গান্ধীর অভিযোগ, প্রায় প্রতিটি ক্ষেত্রেই ভুক্তভোগীরা দলিত, পিছিয়ে পড়া, জনজাতি বা দরিদ্র পরিবারের। অপরদিকে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় সুরক্ষা পায় এবং ভুক্তভোগী পরিবারগুলিই হয়রানির শিকার হয়। তিনি বলেন, “যে দেশে বাবা-মাকে মেয়ের এফআইআর দায়ের করাতে ভিক্ষা করতে হয়, সেই সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই।”
তিনি দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নির্যাতিতার পরিবারের নিরাপত্তা এবং ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন তুলে তিনি জানতে চান, তাঁদের শাসনকালে কেন মেয়েরা এতটা অসুরক্ষিত। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ন্যায়বিচার চাওয়া নয়, ছিনিয়ে নিতে হয় এবং সেই লড়াই চালিয়ে যাওয়া হবে।
প্রসঙ্গত, বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক নারী নির্যাতন ও ধর্ষণ-খুনের ঘটনা জাতীয় স্তরে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। হাথরাস-এর ২০২০ সালের দলিত তরুণী নির্যাতন-কাণ্ড, কাঠুয়া-র নাবালিকা ধর্ষণ ও খুন এবং উন্নাও-এর বহুল আলোচিত ধর্ষণ মামলা প্রশাসনিক ভূমিকা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছিল। এই প্রেক্ষাপটে গাজীপুরের সাম্প্রতিক ঘটনাকেও একই প্রবণতার অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য