
বাঁকুড়া, ২৫ এপ্রিল(হি.স.) : বাঁকুড়া জেলার শালতোড়া থানার শ্যামপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় এক ডাম্পার চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার প্রায় দেড়শো ফুট গভীর পরিত্যক্ত পাথর খাদানে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক দীপক বাউরির।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুর গ্রামের বাসিন্দা দীপক বাউরি একটি সরকার অনুমোদিত পাথর খাদানে কাজ করতে গিয়েছিলেন। সেই খাদানের পাশেই একটি পরিত্যক্ত খাদান ছিল। দুটি খাদানের মাঝের সরু রাস্তায় ডাম্পারটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি এবং ডাম্পারটি খাদানে পড়ে যায়।
দুর্ঘটনায় ডাম্পারটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। শালতোড়া থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, কীভাবে ডাম্পারটি পরিত্যক্ত খাদানের দিকে চলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট